সৌমেন ওঝা,এগরা : পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে স্ট্রং রুমের সামনে ব্যাপক উত্তেজনা ছড়াল। এগরা থানার আইসি (IC)-সুশান্ত চট্টপাধ্যায়ের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়লেন পটাশপুর বিধানসভার তৃণমূল প্রার্থী পীযুষকান্তি পন্ডা ও তাঁর সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছাতে হয় মহকুমা শাসক ও কেন্দ্রীয় বাহিনীকে।
তৃণমূল প্রার্থী পীযুষকান্তি পন্ডার অভিযোগ, এগরা থানার আইসি সম্পূর্ণ বেআইনিভাবে পটাশপুরের বিজেপি প্রার্থী তপন মাইতিকে স্ট্রং রুমের ভেতরে নিয়ে যান। তাঁর দাবি, নিয়ম বহির্ভূতভাবে এক প্রার্থীর প্রতি পুলিশের এই ‘বিশেষ আনুকূল্য’ নির্বাচনের স্বচ্ছতাকে প্রশ্নের মুখে ফেলছে। এই খবর ছড়িয়ে পড়তেই তৃণমূল প্রার্থী ও কয়েকশ কর্মী-সমর্থক এগরা থানার আইসি-কে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। উত্তেজিত জনতা আইসি-র অপসারণের দাবি তুলে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে স্ট্রং রুম সংলগ্ন চত্বর। উত্তেজনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এগরা মহকুমা শাসক মঞ্জিত যাদব। তিনি বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে উত্তেজনা না কমায় অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামতে হয় কেন্দ্রীয় বাহিনীকে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা লাঠি উঁচিয়ে তাড়া করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
বর্তমানে ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, অবিলম্বে অভিযুক্ত পুলিশ আধিকারিককে ওই এলাকা থেকে না সরালে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন। অন্যদিকে, বিজেপি নেতৃত্বের তরফে এই অভিযোগের বিষয়ে এখনও কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি।

