কাঁথি সংবাদ : আরামবাগের সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার তিন বিজেপি কর্মী। পাশাপাশি গোঘাটের বর্মায় অশান্তির ঘটনায় অ্যাকশন মোডে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বর্মা গ্রামে বিজেপির প্রচার মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার ঘটনায় সন্ধ্যা হতেই ধরপাকড় শুরু করল পুলিশ। গ্রামের একাধিক বাড়ি, দোকানে তল্লাশি চালানো হয়। বেশ কয়েকজনকে টানতে টানতে পুলিশের গাড়িতে তোলা হয়। বেশ কয়েকজনকে ধরপাকড় করার পরেই পুরুষশূন্য হয়ে পড়ছে গোটা গ্রাম। এদিন সন্ধ্যায় হুগলি গ্রামীণের পুলিশ সুপার কুমার সানি রাজের নেতৃত্বে বর্মা গ্রামে অভিযান চলে। পুলিশ সুপার বলেন, আমরা বেশকিছু সোশ্যাল মিডিয়া ও সূত্র মারফত পাওয়া ভিডিও, সোশ্যাল মিডিয়ার লাইভ দেখে অনেকজনকে চিহ্নিত করেছি। সন্ধ্যায় ৯ জনকে আটক করেছি। তাদের মধ্যে একজন মহিলাও আছে। আমাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও আছেন।

